লিটন-তাইজুলের দৃড়তায় স্বস্তি নিয়ে বিরতিতে বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম দিনে ওঠানামার মধ্য দিয়েই এগিয়েছে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় সেশনে আরো তিন উইকেট হারালেও শেষদিকে লিটন দাস ও তাইজুল ইসলামর দৃঢ়তায় কিছুটা স্বস্তি নিয়ে চা বিরতিতে গেছে স্বাগতিকরা।
চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান।
লাঞ্চের পর শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ২৯ রান করে মুহাম্মদ আব্বাসের শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ২৩ রান করে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। তাকে ফেরান খুররম শাহজাদ।
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজও। মাত্র ৪ রান করে খুররম শাহজাদের বাউন্সারে ক্যাচ দেন এই অলরাউন্ডার। লাঞ্চের পর মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন দাস। অনেকটা একাই ইনিংস গড়ে তুলেছেন তিনি। পাকিস্তানের পেসার ও স্পিনারদের সামলে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন এই উইকেটকিপার ব্যাটার।অন্য প্রান্তে তাইজুল ইসলামকে নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। সপ্তম উইকেটে দুজন মিলে অবিচ্ছিন্ন ৫২ রানের জুটি গড়েছেন। এই জুটিতে ৩৯ রানই এসেছে লিটনের ব্যাট থেকে।
চা বিরতিতে লিটন ছিলেন ৪২ রানে অপরাজিত। তাইজুলও উইকেটে থিতু হয়ে ১১ রান করে বাংলাদেশকে লড়াইয়ে রাখার চেষ্টা করছেন।







