মাধবপুরে ২ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, ৭০ বোতল মদসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ভাংগারি মালামালের নিচে ও গাড়ির পাটাতনের নিচে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
জব্দকৃত সব অবৈধ পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব পণ্য শুল্ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান চলবে।







