মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনের সড়ক থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেফতারদের পরিচয় পাওয়া গেছে— চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া এবং মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবর পেয়ে এসআই পাভেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশির সময় তাদের দখল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে দু’জনকে গ্রেফতার এবং সিএনজিটি আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,“মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। মাদকমুক্ত মাধবপুর গড়তে পুলিশের অভিযান চলমান থাকবে।”








