মাধবপুরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ফকির, সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নই দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের বিজ্ঞান মেলায় দুইটি গ্রুপে মোট ১১টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







