মাধবপুরে চা বাগানে মজুরি বন্ধ, খাদ্য সংকটে শ্রমিকরা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে সহস্রাধিক শ্রমিক পরিবার। বাগানের কার্যক্রম বন্ধ থাকায় অনাহার, অপুষ্টি ও অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের।
বাগান সূত্রে জানা গেছে, সুরমা চা বাগানে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত। তাদের ওপর নির্ভরশীল শিশু ও বৃদ্ধসহ মোট ৬ থেকে ৮ হাজার মানুষের জীবিকা এখন হুমকির মুখে। বেতন বন্ধ থাকায় অনেক শ্রমিক পরিবার এনজিও থেকে ঋণ নেওয়া এবং মহাজনের কাছ থেকে উচ্চ সুদে টাকা ধার নিতে বাধ্য হচ্ছে।
স্থানীয় শ্রমিক ও পঞ্চায়েত সূত্র জানায়, গত চার সপ্তাহ ধরে কোনো মজুরি পরিশোধ করা হয়নি। পাশাপাশি রেশন সরবরাহও অনিয়মিত হয়ে পড়েছে। ফলে অনেক পরিবার দিনে একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক শিশু না খেয়েই ঘুমিয়ে পড়ছে।
এক শ্রমিক মা বলেন, “চার সপ্তাহ ধরে কোনো টাকা পাইনি। বাচ্চারা না খেয়ে কাঁদে। আমরা কীভাবে বাঁচব? বাগান চালু করে বকেয়া বেতন দিলেই আমরা স্বাভাবিক হতে পারি।”
পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, বেতন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। ইতোমধ্যে বাগানের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বাগান ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা উল্লেখ করে বেতন দিতে না পারার কথা জানিয়েছে। তবে শ্রমিকদের দাবি, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানবাধিকারকর্মীরা বিষয়টিকে “নীরব মানবিক বিপর্যয়” হিসেবে উল্লেখ করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ, নিয়মিত রেশন সরবরাহ নিশ্চিত করা এবং বাগান পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “ঘटनাটি দুঃখজনক। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের আন্তরিকতার মাধ্যমে দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। বাগানের উৎপাদন বন্ধ থাকলে শুধু মালিক নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।”
সংশ্লিষ্ট চা বোর্ড কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও বাগান চালুর দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সংকট শুধু একটি বাগান নয়, দেশের সামগ্রিক চা শিল্পের জন্যও সতর্কবার্তা।







