মাধবপুরে চোরাচালানবিরোধী অভিযানে জিরা ও গরু জব্দ
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি গরু জব্দ করেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। ওই দিন বেলা ১১টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সেটিকে থামানো হয়। পরে তল্লাশিতে ট্রাকের ভেতরে থাকা বস্তার মধ্যে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অন্যদিকে একইদিন বেলা ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র নিয়মিত টহল দল নলুয়া চা-বাগান এলাকা থেকে একটি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত জিরা ও গরুর মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। পরে এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







