মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কে মঙ্গলবার সকালে এক প্রাইভেট কার দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত হিমেল (২০) ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, হিমেল ও এনায়েতুল্লাহ গাড়ি চালানোর অনুশীলন করছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, “নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। গাড়িটি জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এলাকাবাসী অননুমোদিতভাবে সড়কে গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে প্রশাসনের তৎপরতা ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।






