মাধবপুরে দুই কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকভর্তি পাথরের নিচে লুকিয়ে পাচারকালে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






