মাধবপুরে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে মারাজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সকালে পরিবারের সদস্যরা ঘরের পাশে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মারাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাঁকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতেন। তবে ভোররাতে তিনি সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যান। পরে সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।







