মাধবপুরে কৃষকদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সোহেলের ইন্তেকাল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সোহেল (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ভোর ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত শান্ত, ভদ্র ও নিরহংকার স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তিনি একজন সজ্জন ও নীরব সমাজসেবী হিসেবে সবার কাছে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে মাধবপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহজাহান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।







