মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মাধবপুর আর্মি ক্যাম্প ও উপজেলা প্রশাসন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুই বালু ব্যবসায়ীকে আটক করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ১৩ ইবি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত দুজন হলেন—হাবিবুর রহমান নুরু (৩৮) রেজাউল মুত্তাকিম (৩৩) দু’জনই উপজেলার নারায়ণখোলা এলাকার আবু মোঃ রমজান আলীর ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ, প্রকৃতি ও স্থানীয় জনজীবনে ক্ষতি হচ্ছে। তাই অভিযান চালিয়ে সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ ও নদী সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।







