মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমিতে অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে সাজিদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাউনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযান চালিয়ে বিষয়টি ধরা পড়ার পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সাজিদ মিয়াকে ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
সাজিদ মিয়া বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে। অভিযানে নোয়াপাড়া তহসিল অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা সুজিত চন্দ্র দেবসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং মাধবপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় বলেন, অনুমোদন ছাড়া মাটি ও বালু উত্তোলন বেআইনি। বিধি লঙ্ঘন করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







