মাধবপুরে সিমনা নদীতে বালু লুটের অভিযোগ, প্রশাসন নীরব কেন?
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের বনগাঁ ও ভান্ডারুয়া এলাকায় সিমনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদারের নেতৃত্বে দিন-রাত সিমনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, উত্তোলিত বালু ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। এতে কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলফাজ মিয়া বলেন, “আমি সিমনা নদীর কোনো লিজ নেইনি। আমি বালু চুরি করবো কেন?” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্টো জানতে চান, “আপনাকে কে বলেছে?” নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের কথা উল্লেখ করলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।






