মাধবপুরে ভারতীয় বিয়ারসহ যুবক আটক
হবিগঞ্জের মাধবপুরে বস্তায় লুকিয়ে মোটরসাইকেলে ভারতীয় বিয়ার পরিবহনের সময় শ্রাবণ তাঁতী (১৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ১০ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শ্রাবণ তাঁতী ওই এলাকার মৃত সুমন তাঁতীর ছেলে।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় একটি সন্দেহজনক বস্তা ও মোটরসাইকেল লক্ষ্য করে টহলদল। পরে তল্লাশিতে বস্তার ভেতর থেকে ভারতীয় তৈরির ১০ বোতল বিয়ার পাওয়া যায়। এসময় একটি পালসার মোটরসাইকেল ও জব্দ করা হয়। মূল্য ২ লাখ ১২ হাজার ৫৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে একই বিওপির টহলদল পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ, দুই আসামি ও একটি মোটরসাইকেলসহ মাধবপুর থানায় সোপর্দ করে।








