মাদকাসক্তির বেপরোয়া আচরণ, যুবকের কারাদণ্ড
হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং বাবা-মাকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত- গভীররাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী (৩৫) উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মইন উল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান আলী মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় তিনি নিজের বাবা-মায়ের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের কারণে সামাজিক ও পারিবারিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








