আব্দুল করিম দিলদার
মাদক ও ছিনতাইমুক্ত সিলেট গড়তে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই
ঐতিহ্যবাহী সিলেট নগরীকে মাদক, ছিনতাই ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজ আব্দুল করিম দিলদার। একইসঙ্গে সিলেটের ঐতিহ্য রক্ষা ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে যুব জমিয়তের পতাকাতলে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
১০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, “সিলেট আধ্যাত্মিক রাজধানী ও পর্যটন নগরী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু বর্তমানে মাদক ও ছিনতাইয়ের প্রকোপ নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা এখন সময়ের দাবি।
জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের প্রধান পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদার আরও বলেন, “আমরা এমন একটি সিলেট চাই যেখানে মা-বোনেরা নির্ভয়ে পথ চলবে, যুবসমাজ মাদকের অন্ধকার ছেড়ে আলোর পথে আসবে এবং প্রতিটি নাগরিক জান-মালের নিরাপত্তা বোধ করবে। মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। ছিনতাইকারীদের দৌরাত্ম্য রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক ও যুব সমাজকেও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও যোগ করেন, ইসলামী আদর্শ ও সুস্থ সংস্কৃতির চর্চাই পারে যুবসমাজকে অপরাধ জগত থেকে দূরে রাখতে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চিহ্নিত মাদক স্পট ও ছিনতাই প্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিশেষে, সিলেটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানান।







