মাদক ও জুয়া নির্মূলে পশ্চিমভাগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের যুবকদের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী প্রতিবাদ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা থেকে মাদক ও জুয়া প্রতিরোধে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পৃথক কমিটি গঠন করে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে পশ্চিমবাগ সরকারি খেলার মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এসবের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সচেতন যুবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রামবাসীদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটি এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, সন্দেহজনক কার্যক্রম নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। সকলের প্রচেষ্টায় মাদক নির্মূলে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান, ডা. মহসিন, শাহারিয়ার সাগর, পশ্চিমবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদ খান, মুরব্বি মকবুল তালুকদার, দিলু মিয়া তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপস্থিত গ্রামবাসীরা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







