মালয়েশিয়ায় মারামারিতে ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মারামারিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। এদিকে হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক সহকর্মী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, সোমবার বিকেল সোয়া চারটার দিকে লিঙ্গির তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পায় পুলিশ। পরে লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে এক বাংলাদেশিকে আটক করে। পরে তদন্তের একপর্যায়ে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা ও কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।







