মেসার্স আজাদ এন্ড ব্রাদার্সের উদ্যোগে ১০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজে মেসার্স আজাদ এন্ড ব্রাদার্সের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, মরহুম আজাদের স্মরণে তাঁর ছোট ভাই জাকির হোসেনের অর্থায়নে গত বছর মেসার্স আজাদ এন্ড ব্রাদার্সের উদ্যোগে পাঁচটি বিদ্যালয়ের মোট ২৭ জন শিক্ষার্থীকে নিয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থী বাছাই এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও কৃতিত্বের ভিত্তিতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া এ প্লাস অর্জনকারী একজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদুর রহমান ফারাসের সভাপতিত্বে এবং শিক্ষক সামছুল ইসলাম শিবলী ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, দোহালিয়ার সাবেক অধ্যক্ষ আলী উসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মখলিছ আলী, আবুল কালাম আজাদ, নুর হোসেন ও মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা ভবিষ্যতেও শিক্ষার প্রসারে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







