মৌলভীবাজারে মৃৎনাট্য’র আয়োজনে ‘বর্ণমালার মিছিল’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে মৌলভীবাজারে ‘মৃৎনাট্য’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা “বর্ণমালার মিছিল”।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে পৌঁছানোর পর মৃৎনাট্য’র সদস্যরা মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৃৎনাট্য’র পপরিচালক নাট্যশিল্পী শাহীন ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম খছরু চৌধুরী এবং সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব। সমাবেশে বক্তারা বাংলা ভাষার শুদ্ধ চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, “ভাষার মর্যাদা রক্ষা ও এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বর্ণমালার চেতনা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিজন সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু, হরিকেশ দেব, মৃৎনাট্য’র উপদেষ্টা আহমেদ আলী জুবু, সালেহ আহমদ খান, শামসুল ইসলাম রাসেল, ধীরাজ ভট্টাচার্য, জলি রায়, বাসদ (মার্ক্সবাদী) নেতা সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, শিক্ষিকা নাজমা বেগম, কৃষ্ণা দেব, তাসনিম চৌধুরী, সংস্কৃতিসেবী সিরাজুল ইসলাম সিদ্দিকি, উদীচী সম্পাদক প্রভাত দেব, সুজিত দেব, তপন দত্ত, রীনা দত্ত, চম্পক ভট্টাচার্য, নুরুল ইসলাম ফয়সলসহ মৃৎনাট্য’র শিল্পীবৃন্দ।






