মৌলভীবাজারের ৪ আসনেই বিএনপির জয়জয়কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার সবকটি আসনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনটি আসনে জামায়াতে ইসলামী এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী মাঠে ছিলেন।
জেলার চারটি আসনেই বিএনপির জয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই চার্টার’ বা রাষ্ট্র সংস্কারের গণভোটে জেলার প্রতিটি আসনেই ‘হ্যাঁ’ এর পক্ষে বেশি ভোট পড়েছে।
আসনভিত্তিক বেসরকারি ফলাফল ও গণভোটের বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): এই আসনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।
গণভোট: এই আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৪৬৯টি এবং ‘না’ এর পক্ষে ৭৯ হাজার ৫২৭টি।
মৌলভীবাজার-২ (কুলাউড়া): ধানের শীষ প্রতীকে বিএনপির মো. শওকতুল ইসলাম ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।
গণভোট: এই আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে ৮৩ হাজার ৯৩০ ভোট এবং ‘না’ এর পক্ষে ৬৭ হাজার ৯৩৫ ভোট পড়েছে।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): জেলা সদরের এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম নাসের রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।
গণভোট: সংস্কার প্রস্তাবের বা ‘হ্যাঁ’ এর পক্ষে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ ভোট এবং বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ৭৮ হাজার ৬৭১টি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): চা বাগান অধ্যুষিত এই আসনে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, যিনি পেয়েছেন ৩৪ হাজার ১৪৭ ভোট।
গণভোট: এই আসনে ‘হ্যাঁ’ এর পক্ষে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট এবং ‘না’ এর পক্ষে ১ লাখ ৭ হাজার ৬৩৩ ভোট পড়েছে।







