নিখোঁজের কয়েক ঘন্টা পর বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। শাহিন মিয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে শাহিন মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
পরবর্তীতে সন্ধ্যার দিকে গয়ঘর এলাকার একটি খালের মধ্যে শাহিন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এমন আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে শাহিন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।







