মাওলানা উবায়দুল্লাহ ফারুক
নির্বাচিত হলে পিছিয়ে পড়া জকিগঞ্জ-কানাইঘাটের রূপ পাল্টানোর চেষ্টা করব
সিলেট–৫ আসনের খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে একটি মডেল ও আদর্শ সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
১ জানুয়ারী রোববার জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—প্রতিটি খাতেই এই জনপদের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থার পরিবর্তন সময়ের দাবি। মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার প্রতিটি সমস্যা আমার ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেব।”
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
খেজুর গাছ মার্কার এই প্রার্থী বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা তাকে নতুন করে অনুপ্রাণিত করছে। গণসংযোগে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও উল্লেখ করেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “জকিগঞ্জ-কানাইঘাটকে আর পিছিয়ে রাখা যাবে না। এই জনপদের মানুষ যোগ্য নেতৃত্ব চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় এই আসনকে দেশের জন্য একটি উদাহরণ হিসেবে দাঁড় করানো সম্ভব।”
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, শাহবাগ জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ সহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ খেজুর গাছ মার্কার প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামীর ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।







