পৌরবাসীর উন্নয়নে কর দেব খুশি মনে’
নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী কর মেলার শুভ উদ্বোধন
পৌরবাসীর উন্নয়নে কর দেব খুশি মনে’—এই স্লোগানকে সামনে রেখে নাগরিক সেবা বৃদ্ধি ও বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পৌর কর মেলা-২০২৬।
রবিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক সুলতানা জেরিন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের পৌরবাসী উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণে পৌর নাগরিকদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে একাধিক সুসজ্জিত স্টল। সেখান থেকে নাগরিকরা কোনো রকম ভোগান্তি ছাড়াই সরাসরি বকেয়া ও চলতি বছরের কর পরিশোধ করতে পারছেন। মেলা উপলক্ষে করদাতাদের উৎসাহ দিতে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ছাড় ও সৌজন্য উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী বক্তৃতায় পৌর কর্তৃপক্ষ জানান, পৌর এলাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। পৌরবাসীর দেওয়া করের টাকাই রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ল্যাম্পপোস্ট স্থাপনসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কাজে ব্যয় করা হয়। নাগরিকরা যাতে সহজেই কোনো ঝামেলা ছাড়া কর প্রদান করতে পারেন, সে জন্যই এই ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
পৌরবাসী স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ করছেন এবং আনন্দঘন পরিবেশে নিজ নিজ কর পরিশোধ করছেন। আগামী ১০ দিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর মেলা অব্যাহত থাকবে। পৌর কর্তৃপক্ষ এলাকার সকল সম্মানিত পৌরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে কর প্রদান করে শহরের উন্নয়নযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন







