পাগলবেশে ঘুরছেন অভিনেত্রী

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে কোনো একাডেমিক অভিজ্ঞতা না থাকলেও যে এত দুর্দান্ত অভিনয় করা যায় তা প্রমাণ করলেন তিনি। এক একটি নাটকে নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়ে তোলার মাধুর্য রপ্ত করেছেন অভিনেত্রী। সম্প্রতি তার নতুন একটি লুক ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ; যা নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারলেন, তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল!
হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফর্মেশন’ দেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।
সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।
এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’
এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।







