ফ্রান্সের তুলুজে বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সের তুলুজ শহরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ ২০২৬) শহরের নিউ দিল্লি রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারসহ বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি জাহাদ হুসাইন নানুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এমদাদ আহমদ শুভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি ইমাম আব্দুর রহমান দোয়ায় বাংলাদেশের উন্নতি, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরান হুসাইন, জাহাঙ্গীর হুসাইন, শাওন আহমেদ, রেহান উদ্দিন, দেলোয়ার হুসাইন, জসিম উদ্দিন, মহিউদ্দিন মিন্টু এবং ফয়সল আহমেদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক বন্ধনকে অটুট রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি সবসময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।







