পুলিশ-সাংবাদিক সমন্বয়েই অপরাধ দমন: এসপি তারেক মাহমুদ
অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। তিনি বলেছেন, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সহযোগিতা করলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা ছাড়া একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা জনগণের আস্থা অর্জনে কাজ করছি এবং ৫ আগস্টের আগের পুলিশি ধারা থেকে বের হয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক পুলিশিং নিশ্চিত করতে চাই। তিনি জানান, অপরাধ দমনে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধের তথ্য পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








