রমজানে মুমিনের অর্থনৈতিক সংযম
রমজান সংযমের মাস। এই সংযম শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের অর্থনৈতিক আচরণ, ভোগের অভ্যাস এবং জীবনযাত্রার সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করার এক মহান প্রশিক্ষণ। একজন মুমিনের জন্য রমজান হলো ব্যয়ের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ, অপচয় বর্জন এবং সহমর্মিতার চেতনা জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)
রমজানে এই নির্দেশনা আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বাস্তবে দেখা যায়, অনেক সময় ইফতার ও সাহরিকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় ও বিলাসী ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পায়। অথচ রোজার মূল শিক্ষা হলো সংযম, সরলতা এবং আত্মনিয়ন্ত্রণ।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল অর্থনৈতিক সংযমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি খেজুর ও পানির মতো সাধারণ খাদ্যে ইফতার গ্রহণ করতেন। (আবু দাউদ, হাদিস : ২৩৫৬)। তাঁর জীবন আমাদের শেখায়, রমজানের বরকত বিলাসে নয়, বরং সরলতা ও কৃতজ্ঞতায়।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সহমর্মিতা। এই মাসে জাকাত, সদকা ও ফিতরার মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের শিক্ষা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তাদের সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের অধিকার।’ (সুরা : আজ-জারিয়াত, আয়াত : ১৯)
অর্থাৎ একজন মুমিনের অর্থ শুধু তার ব্যক্তিগত ভোগের জন্য নয়, বরং সমাজের অসহায় মানুষের প্রতিও তার দায়িত্ব রয়েছে। ইমাম গাজালি (রহ.) বলেন, রোজার প্রকৃত উদ্দেশ্য হলো দুনিয়াবি আকাঙ্ক্ষা কমিয়ে হৃদয়কে আখিরাতমুখী করা (ইহইয়াউ উলুমিদ্দিন)।
যখন মানুষ ভোগ কমায় এবং দান বাড়ায়, তখন তার অন্তরে তাকওয়া ও মানবিকতা বিকশিত হয়।
আজকের ভোগবাদী সমাজে রমজান মুমিনকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে রোজাদার মুমিনরা যেন অপ্রয়োজনীয় কেনাকাটা, খাদ্যের অপচয় ও প্রদর্শন থেকে বিরত থাকে। ইফতার আয়োজনের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে একজন ক্ষুধার্ত মানুষকে খাদ্য পৌঁছে দেওয়ার প্রতিযোগিতা করে। এটাই এই মাসের প্রকৃত সৌন্দর্য।
সুতরাং রমজান একজন মুমিনের অর্থনৈতিক চরিত্র গঠনের মাস। সংযমী ব্যয়, অপচয় বর্জন এবং উদার দানের মাধ্যমে এই মাস আমাদের আরো শেখায় যে সম্পদের প্রকৃত বরকত ভোগে নয়, বরং সংযম ও ভাগাভাগির মধ্যেই নিহিত। এই শিক্ষা যদি সারা বছরের জীবনে প্রতিফলিত হয়, তবেই রমজানের অর্থনৈতিক প্রশিক্ষণ সফল হবে।






