শায়েস্তাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গভীর শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে শায়েস্তাগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শুরু হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে গানে মুখরিত বর্ণাঢ্য প্রভাতফেরি।
কর্মসূচি বাস্তবায়নে তামিম আল জামান-এর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। শহীদ মিনার প্রাঙ্গণ প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং প্রভাতফেরি নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা নিবেদিতভাবে কাজ করেন। এছাড়াও আনসার বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা মহান একুশের গুরুত্ব তুলে ধরে বলেন, মহান একুশ আমাদের চেতনার মূল উৎস এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালের সেই আত্মত্যাগই ছিল আমাদের স্বাধীনতার বীজ। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না; তাঁদের বীরত্বগাথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই সর্বস্তরে বাংলার প্রচলন এবং ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।






