শীতার্ত মানুষের পাশে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ
তীব্র শীতে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান মাসুক মিয়া। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষ এই সহায়তার আওতায় আসে।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এই তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষের মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং শীতার্ত মানুষের মাঝে আশার আলো জাগিয়েছে।








