শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল অজগর সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে।
খামার মালিক জসীম উদ্দিন জানান, এদিন সকালে হঠাৎ খামারের ভেতর থাকা গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছোটাছুটি শুরু করে। গরুর এমন আচরণে তিনি বিষয়টি দেখতে খামারের ভেতরে যান। সেখানে গিয়ে তিনি একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। তিনি বলেন, ‘খামারের ভেতরে এত বড় একটি অজগর দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে গরুর চেঁচামেচি ও নড়াচড়ার কারণে সাপটি নিজে থেকেই খামারের ভেতর থেকে বাইরে চলে আসে।’ ঘটনাটি জানাজানি হলে খামারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৮ ফুট লম্বা বিশাল আকারের অজগরটিকে নিরাপদে উদ্ধার করি। সাপটি অক্ষত ছিল। উদ্ধারের পর সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার সাপটি আমাদের কাছে দেওয়া হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে মুক্ত করা হয়েছে।







