সিলেটে নতুন গ্যাস সংযোগ: যে সিদ্ধান্ত জানালো জালালাবাদ গ্যাস
সিলেটে নতুন আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্যাস সংযোগ এবং লোড বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)। একই সঙ্গে গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে গ্রাহকদের প্রতি সতর্কতামূলক বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জেডিটিডিএসএল জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গৃহস্থালী, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ এবং গ্যাস সরঞ্জাম (বার্নার) বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এ অবস্থায় নতুন সংযোগ বা লোড বৃদ্ধির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে পাইপলাইনের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এছাড়া অনুমোদিত সীমার বেশি বা অধিক ক্ষমতার গ্যাস সরঞ্জাম ব্যবহার থেকেও বিরত থাকতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। গ্যাস-সংক্রান্ত যেকোনো কাজ—যেমন চুলা বা রাইজার স্থানান্তর, সার্ভিস লাইন মেরামত, বুশ বা রেগুলেটর পরিবর্তন, লক-উইং কক প্রতিস্থাপন কিংবা আরএমএস/সিএমএসের ত্রুটি মেরামত—নির্ধারিত নিয়মে সংশ্লিষ্ট আঞ্চলিক বিতরণ কার্যালয়ের অনুমতি নিয়ে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
জেডিটিডিএসএল আরও জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ জিআই/এমএস গ্যাস লাইন মাটির উপরে দৃশ্যমানভাবে স্থাপন করা এবং রান্না শুরুর আগে দরজা-জানালা খোলা রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রাহকদের সচেতনতা ও নিয়ম মেনে চলাই গ্যাস দুর্ঘটনা প্রতিরোধের প্রধান উপায়—এমন বার্তা দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।






