সিলেট-৫ আসনে নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসানের কৃতজ্ঞতা প্রকাশ

মুফতী মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিস মনোনীত ও ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য, গতকালে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং সিলেট-৫ আসনের সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় ও জোটের শরিক দলের নেতা-কর্মী-সমর্থক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে মুফতী আবুল হাসান বলেন, “আমার প্রতি জনগণ ব্যালটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, তা অটুট রাখতে আমি বদ্ধপরিকর। স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়ে জনতার যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তার ঋণ পরিশোধ করতে আমি অক্ষম। তবে জনগণের প্রতিনিধি হিসেবে সবার সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছর সিলেট-৫ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ চাকসু মামুন-এর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা তিনজনই মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। সবার লক্ষ্য ছিল অবহেলিত এই জনপদের উন্নয়ন। আগামী দিনের উন্নয়ন প্রচেষ্টায় তাদের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি নিন। জনগণের মধ্যে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলুন। আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দিন। আমীন।”





