সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হবে না: আরিফুল হক
প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট থেকে পরিচালিত ম্যানচেস্টার রুটের ফ্লাইট বাতিল করা হয়নি, হবে না। হজযাত্রীদের যাতায়াত নিবিঘ্ন রাখতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং ইনশাআল্লাহ, এক বছরের মধ্যে সার্বিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট বিভাগের উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চান। মহাসড়ক, রেল ও বিমান খাতের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ অব্যাহত রয়েছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, লাগেজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং আগত যাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উপস্থিত আইনজীবী ও নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে দোয়া ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন প্রমুখ।






