একদিনে সিলেট বিভাগে গ্রেপ্তার ১৯
সিলেট ও সুনামগঞ্জে আ’লীগের ঝটিকা মিছিল, তিন নেতাকর্মীর বাড়িতে হামলা
দলীয় কার্যক্রম নিষিদ্ধ করায় সারা দেশের ন্যায় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। সিলেট ও সুনামগঞ্জের একাধিক উপজেলা আজ বুধবার সন্ধায় এ মিছিল করা হয়। রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৯ জনকে আটক করে। এদিকে মিছিল করার অভিযোগে বিএনপি ও জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের ছাতক ও দিরাই উপজেলা সদরে সন্ধায় হঠাৎ ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। কয়েক মিনিটের মধ্যে তারা মিছিল শেষ করে চলে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করলেও কাউকে আটক করতে পারেনি। রাত ৯টার দিকে মিছিল করার কারণে তিন নেতার বাড়িতে হামলা করা হয়েছে। এরমধ্যে একজন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রহিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন। পশ্চিম বাজার এলাকার তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ করেন তার ছোট ভাই গিয়াস উদ্দিন। থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন মিছিলের বিষয়টি তারা জেনেছেন। তবে হামলার ঘটনার খবর পাননি। বিষয়টি তিনি দেখছেন।
ছাতকে আওয়ামী লীগের মিছিলটি পেপার মিল এলাকা থেকে বের করা হয়। রাতে জামায়াতের কর্মীরা উপজেলা স্বেচ্ছাবেক লীগের প্রচার সম্পাদক উপজেলার চরের বন গ্রামের ফিরোজ মিয়ার ছেলে কায়েস আহমদের বাড়িতে হামলা করা হয়। অভিযোগ উঠে স্থানীয় জামায়াতের কর্মীরা তার বাড়িতে হামলা করেছে। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কে বা কারা হামলা করেছে এখনও জানা যায়নি। এছাড়া দিরাই শহরে মিছিলের পরও উপজেলা সভাপতির কামাল উদ্দিনের ভাই যুবলীগ কর্মী আফজাল উদ্দিনের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত ও বিএনপির কর্মীরা।
এদিকে সারা দেশে রাত ১১টা পর্যন্ত ২৫৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে সিলেটে বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ১৯ জনকে আটক করা করা হয়েছে বলে সিলেট রেঞ্জ ডিআইজি অফিস থেকে জানানো হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।








