সিংগাইর নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সিংগাইর নদীর ওপর নবনির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সেতুটির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সেতুটি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটেছে। এ অঞ্চলের মানুষের যাতায়াত এখন আরও সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি চালু হওয়ায় সিংগাইর নদীপাড়ের মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ হয়েছে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের চলাচল এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা সম্পন্ন হয়। প্রায় ১০ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সোহেল আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য আক্কাদস হোসেন তালুকদার, বানিয়াচং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আল হাদি, সহসভাপতি মশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুখলিছুর রহমান আবু, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশ, সাব-ইঞ্জিনিয়ার মিনাল কান্তি বিশ্বাস, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হয়। এতে পুরো এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।







