সংসদে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় সিলেটের এড. রোকসানা বেগম শাহানাজ
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন সিলেটের পরিচিত নারী রাজনীতিবিদ ও আইনজীবী এডভোকেট রোকসানা বেগম শাহানাজ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদিকার দায়িত্বও সফলভাবে পালন করেন। পাশাপাশি সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আইন সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায়ও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। সিলেট সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং তিনবার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। ছাত্রজীবনেও নেতৃত্বের স্বাক্ষর রেখে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের ভিপি ও মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি মরহুম মো. সাজিদ খান ও নুরুন্নেছা খানের কন্যা। তার স্বামী এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন একজন অভিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ; বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এছাড়া তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে রোকসানা বেগম শাহানাজ বি.এস.সি ও এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে প্যারালিগ্যাল অ্যাসোসিয়েট ডিগ্রি অধ্যয়নরত। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী হিসেবে সিলেটে সুপরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সংযোগ এবং প্রশাসনিক অভিজ্ঞতার কারণে সংরক্ষিত মহিলা আসনের জন্য তিনি একজন শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় মনোনয়ন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।






