সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত
সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন–করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রবাসী সূত্রে জানা গেছে, ওই চার প্রবাসী তায়েফ থেকে একটি গাড়িতে করে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। আল-খুরমা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর কানাইঘাটে পৌঁছালে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো এখন মরদেহের অপেক্ষায়।
নিহত অপর দুজনের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা গেছে।







