সুনামগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত চন্দ্র দাস (৩৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার সতানন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে পৌর সদরের মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।হঠাৎ এঅকাল মৃত্যুতে এই শিক্ষকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই পৌরশহরের মজলিশপুর এলাকায় নিজ বাড়ির নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যা সন্তান রেখে গেছেন। স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সহকর্মী ও শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষককে হারিয়ে শোকে স্তব্ধ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লাশ উদ্ধার করার হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







