সুরঞ্জিত সেন হ ত্যা চেষ্টা: আদালতে নির্দোষ দাবি আরিফ-গউছ-বাবরের
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন সাবেক ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা এ মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অব্যাহতি প্রার্থনা করেছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের পক্ষে বক্তব্য দেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের সরকার দলীয় হুইপ ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
তাদের আইনজীবী এটিএম ফয়েজ জানান, মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আসামিরা আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তারা সবাই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
আদালতে বক্তব্য দিতে গিয়ে সংসদের হুইপ জি কে গৌছ বলেন, “এই মামলায় আমরা দীর্ঘ সময় কারাভোগ করেছি এবং নির্যাতনের শিকার হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাদের এ মামলায় জড়ানো হয়েছে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন গণমাধ্যমকে জানান, মামলায় আসামিদের বক্তব্য গ্রহণ (আসামি পরীক্ষা) সম্পন্ন হয়েছে। বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ২১ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, বহুল আলোচিত এ মামলার বিচার এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং যুক্তিতর্ক শেষে যে কোনো সময় রায় ঘোষণার পথে অগ্রসর হতে পারে।






