স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল
শীত শীত লাগছিল স্ত্রীর। তাই দেরি না করে তাকে দুই হাতে জড়িয়ে ধরেন স্বামী। কিন্তু ভালোবাসার সেই স্পর্শের পরই শুরু হয় যন্ত্রণা।ব্যথায় সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে, আরেকটিতে ধরেছে চিড়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারী একদিন স্বামী ওয়াংকে জানান, তার ঠান্ডা লাগছে। স্ত্রীকে উষ্ণতা দিতে ওয়াং স্বাভাবিকভাবেই দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন তাকে।কিন্তু, আলিঙ্গনের সময় হঠাৎ হাড় ভাঙার মতো একটি শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে বসে পড়েন তার স্ত্রী। পরে, চেষ্টা করেও আর উঠে দাঁড়াতে পারেননি।গত ১৯ অক্টোবর চীনের সংবাদমাধ্যম হুবেই জিংশি লাইভের সঙ্গে কথা বলার সময় ওয়াং জানান, প্রথমে তার স্ত্রী ভেবেছিলেন, হয়তো সামান্য টান লেগেছে।তাই তীব্র ব্যথা সত্ত্বেও পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। ষষ্ঠ একটি হাড়েও সূক্ষ্ম চিড় ধরেছে। পরীক্ষার ফল জানতে পেরে হতবাক হয়ে যান স্বামী-স্ত্রী দুজনই।চিকিৎসকেরা ওই নারীকে ওষুধ দিয়ে বাড়িতে পাঠান। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানান তারা। তবে, আঘাতের স্থানে বিশেষ প্যাঁচ লাগিয়ে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে।
https://twitter.com/MustShareNews
চিকিৎসাকর্মীরা জানান, ওই নারীর হাড় ক্ষয় হয়ে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছিল। ফলে, দৈনন্দিন কাজের সময় সামান্য চাপেও তার হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল।স্ত্রীর জীবনযাপনের অভ্যাস সম্পর্কে ওয়াং জানান, তার স্ত্রীর ওজন ছিল ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রায়ই কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতেন তার স্ত্রী এবং বিশেষ করে রাতের খাবার বাদ দিতেন।এছাড়া, প্রতিদিন কফি পান করতেন তিনি। খুব কমই বাড়ির বাইরে যেতেন। একই সঙ্গে, রোদ এড়াতে শরীরও পুরোপুরি ঢেকে রাখতেন তিনি।চিকিৎসকেরা জানান, দীর্ঘ সময় সূর্যের আলো না পেলে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে। হাড় মজবুত রাখা এবং শরীরে ক্যালসিয়াম শোষণে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে, ভিটামিন ডি-এর অভাব হাড় দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও পুরুত্ব কমে যায়। ফলে, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেও ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।এদিকে, ওই নারী বর্তমানে বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে, নিজের স্বাস্থ্যের যত্ন নিতেও অভ্যাসে পরিবর্তন আনছেন তিনি।পর্যাপ্ত সূর্যের আলো পেতে বাইরেও যাচ্ছেন এবং খাবারের মাধ্যমে প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণের দিকে নজর দিচ্ছেন ওই নারী। সূত্র: এনডিটিভি







