তেলিয়াপাড়া চা বাগানে স্কুপ-বিয়ারসহ যুবক আটক
হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানের একটি বসতঘরে অভিযান চালিয়ে ২৪ পিস স্কুপ ও ছয় বোতল বিয়ারসহ তরুন পান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শাহাজাহানপুর ইউনিয়নের ওই চা বাগানে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে বসতঘরটিতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। অভিযানে তরুন পানকে আটক করা হয়। তিনি তেলিয়াপাড়া চা বাগানের মৃত আনন্দ পানের ছেলে। অভিযানে এসআই জামাল হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।







