তপোবন হাউজিং কল্যাণ সমিতির ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত
সিলেট নগরীর আখালিয়া তপোবন আবাসিক এলাকায় তপোবন হাউজিং কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। পবিত্র রমজান মাসের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) তপোবন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
তপোবন হাউজিং কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তপোবন জামে মসজিদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আ.ন.ম. ওহিদ কনা মিয়া।
ইফতারের আগে আলোচনা সভা ও বিশেষ দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নোমান সাদী। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিকতার চর্চার মাস। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়ন করতে পারলেই একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এই আয়োজন করা হয়। এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি মানুষের মাঝে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তারা এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তপোবন যুব ফোরামের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলটি আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী যুব ফোরামের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনটি উপস্থিত সবার মধ্যে এক অনন্য আত্মিক প্রশান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে তোলে।






