হবিগঞ্জে ‘দাড়ি রাখায় লঘুদণ্ড’ গুজব নিয়ে পুলিশ সুপারের সাথে আলেম সমাজের মতবিনিময়
হবিগঞ্জ জেলায় “দাড়ি রাখায় লঘুদণ্ড” সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিক প্রচারের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায়, ধর্মীয় অনুভূতি ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান আলেম সমাজের সাথে মতবিনিময় সভা করেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের খতিব মুফতি মুস্তাফিজুর রহমান, বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম ও খতিব সমিতির সাধারণ সম্পাদক মুফতি কে এম এ ওয়াহাব নাঈমী, সদর মডেল থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম, আল এনাতাবাদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ জাকারিয়া আহমদ, ২নং পুল সুন্নী জামে মসজিদের খতিব মুফতি আবুল বাশার হানাফী, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল মজিদ পিরিজপুরীসহ জেলার বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে আলোচনা হয় হবিগঞ্জ নুরুল হেরা জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোঃ শামসুল হুদার সাথে। আলোচনাকালে ইসলামী শরীয়ত মোতাবেক দাড়ি রাখার বিষয়ে কোনো শাস্তি দেওয়া হয়নি মর্মে দলিল-দস্তাবেজ উপস্থাপন করা হয় এবং বিষয়টি নিয়ে সবার মাঝে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। এতে উপস্থিত আলেম সমাজ আশ্বস্ত হয়ে আইন-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








