কোম্পানীগঞ্জে বিএনপি নেতার ঘরের টিন খুলে নেওয়ায় মামলা, গ্রেফতার ১

সিলেটের কোম্পানীগঞ্জে জোরপূর্বক ঘরসহ জমি দখল করে ঘরের আসবাবপত্র ও টিন বিক্রির দায়ে ঘরের মালিক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এঘটনায় মঙ্গলবার রশিদ মিয়া নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার টুকের বাজার মধুবন মার্কেটের পাশে তার নির্মিত ঘরটি জবর দখল করে টিনশেড ঘরের চারটি চৌকি, ঘরের চালা, বেড়া, পার্টিশনের মোট ১৫ বান্ডিল ঢেউটিন ও চারটি দরজা সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল বিক্রি করে ফেলেছে। এঘটনায় জড়িত উপজেলার টুকেরগাঁও গ্রামের এর রশিদ মিয়া, হক মিয়া, ইয়ামিন, ইব্রাহিম, এশাদ মিয়া ও আজিজ মিয়া। তারা ঘরের বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে।
অভিযোগ থেকে আরও জানা গেছে, তার ঘরের চোরাইকৃত মালামাল স্থানীয় দোকানে আটক করেন। পরে তিনি এগুলো পুলিশকে দিয়ে জব্দ করান।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।







