বিশ্বনাথ কামিল মাদ্রাসায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

সিলেটের বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুমান আহমেদের অপসারণকে কেন্দ্র করে দুপক্ষেরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ছাত্র ও অভিভাবকসহ অন্তত কুঁড়িজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রঙ্গনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ ১৫ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার মাদ্রাসায় যোগদান করতে এলে পক্ষে বিপক্ষের লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অধ্যক্ষ নুমান আহমেদের সমর্থক ফাজিল প্রথম বর্ষের ছাত্র ইসলাম উদ্দিন জানান, অধ্যক্ষ ছুটি কাটিয়ে নিজ পদের দায়িত্ব পালন করতে গেলে বহিরাগতরা মাদ্রাসায় প্রবেশ করে। হামলায় তাদের পক্ষে ১০/১৫ জন আহত হয়েছেন।ছাত্র জনতার পক্ষের পৌর শহরের শরিষ গ্রামের আব্দুল হান্নান জানান,তদন্ত শেষ হওয়ার পুর্বে যাতে দায়িত্ব গ্রহণ না করতে পারেন আমরা সেই প্রতিবাদ জানালে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে।হামলায় তাদের পক্ষের প্রায় ৭/৮ জন আহত হয়েছে।সংঘর্ষের সময় অনেকের হাতে রামদা ও দেশি অস্ত্র দেখা গেছে।
প্রিন্সিপাল নুমান আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজিন উদ্দিন জানান, মাওলানা নুমান আহমদ জোরপূর্বক মাদ্রাসায় ঢুকে দায়িত্ব নিতে চাইলে সংঘর্ষ ঘটে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মাওলানা নুমান আহমেদের ছুটির বিষয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাবো।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, দু’দফা ছুটি শেষে মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ আজ মাদ্রাসায় যোগদান করতে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় বলেন, ঘটনার সাথেই উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় ক্লাস চলবে,তবে এ সময় মাদ্রাসায় কোন বহিরাগত প্রবেশ করে পরিবেশ নষ্ট করতে পারবেনা।আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসার অধ্যক্ষ নুমান আহম ছুটিতে থাকবেন এবং মাওলানা নাজিম উদ্দীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।







