শিক্ষার্থীদের যাতায়াতে বাড়ছে সুবিধা, শাবিপ্রবিতে নতুন বাস সংযোজন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত পরিবহন সংকট লাঘবে ৭৫ আসন বিশিষ্ট তিনটি দ্বিতল বাস উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রশাসনিক ভবন-১ এর সামনে বাসগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়াউদ্দিন চৌধুরী।
এসময় তিনি বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াত সমস্যা সমাধানের। নতুন এই বাসগুলোর মাধ্যমে সেই সংকট অনেকটাই কমবে।”
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত অতিরিক্ত দুটি শাটল বাসও চালু করা হবে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।
কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, “বাস সংকটের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। অনেকে জায়গা না পেয়ে পাবলিক বাসে অতিরিক্ত খরচ ও ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই বাস সমস্যার সমাধানে উদ্যোগ নেয়।”
তিনি জানান, নতুন বাস কেনা না হওয়া পর্যন্ত বিআরটিসি-৩৯ থেকে বাস ভাড়া নিয়ে চলাচল নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তা ও ব্যয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তিনটি বাস ভাড়ার অনুমোদন দেওয়া হয়। এতে পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ অনুসরণ করে চুক্তি সম্পন্ন এবং সরকার নির্ধারিত কর কর্তন করে ভাড়া পরিশোধের নির্দেশনা রয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস সংগ্রহ করলে ভাড়াকৃত বাস চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।








