২৭ ডিসেম্বর ঘোষণা হতে পারে ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সমন্বিত ইসলামি আট দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তবে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরিবেশের দৃশ্যমান উন্নতি জরুরি।
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর মাস থেকে একযোগে রাজপথে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ মোট আটটি ইসলামি দল। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও সমন্বয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এই জোট এবার নির্বাচনি রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায়।
জোটের নেতারা জানান, আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্যকে নির্বাচনি মাঠে কার্যকরভাবে রূপ দিতে প্রতিটি সংসদীয় আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী দেশের বিভিন্ন নির্বাচনি এলাকার রাজনৈতিক বাস্তবতা, ভোটের সমীকরণ, সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বিশ্লেষণ করে প্রার্থী তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেন, আট দলের সমন্বিত প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আমরা মাঠপর্যায়ের জরিপ ও বাস্তবতা বিশ্লেষণ করেই এই তালিকা প্রস্তুত করেছি। তবে কোন দল কতটি আসনে প্রার্থী দেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী সপ্তাহের শুরুতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। সমন্বয়ের মাধ্যমে একটি শক্ত ও কার্যকর তালিকা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
তবে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও সামাজিক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথাও জানান জোটের নেতারা। তাদের মতে, সহিংসতা, অস্ত্রের অবাধ চলাচল এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এ জন্য অবিলম্বে পরিস্থিতির উন্নতি নিশ্চিত করার দাবি জানান তারা।
নির্বাচনি পরিবেশ স্বাভাবিক করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ওই কর্মসূচির মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
জোটভুক্ত দলগুলোর নেতাদের প্রত্যাশা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সমন্বিত ইসলামি জোট একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে।







