গাভির ছবি থেকে বাছুরের দুধপানের চেষ্টা, ভাইরাল ভিডিও
ব্যস্ত রাস্তায় দাঁড় করানো ডেইরি ফার্মের একটি গাড়ি। এ গাড়ির বডিতে সাঁটানো উন্নত জাতের গাভির ছবি। ছবিতে গাভিটি দেখে ভীষণ জীবন্ত মনে হয়। হঠাৎ সেখানে একটি উন্নত জাতের গাভির বাছুর আসে। গাড়িটির বডিতে পা তুলে বাছুরটি গাভির বাটে মুখ দিয়ে ক্রমাগত দুধপানের চেষ্টা করছে। ব্যর্থ হয়ে বাছুরটি হাম্বা হাম্বা ডাকছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন করুণ দৃশ্য দেখা যায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। বোবা প্রাণীটির আর্তনাদ নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। কেউ কেউ দাবি করেন—“গরুর দুধ মানুষের কাজে অতিমাত্রায় ব্যবহার হওয়ার ফলে বাছুর তার সত্যিকারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।” কেউ বলছেন, “বাছুরের মালিক কি বাছুরটিকে খাওয়াতে পারে না!” অন্য একজন লেখেন, “আহারে, মা মা-ই হয়।” আরেকজন লেখেন, “বেদনার দৃশ্য।” অনেকে মা হারানোর যন্ত্রণার কথাও স্মরণ করেছেন। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
আবেগঘন এসব মন্তব্যের পাশাপাশি ভিডিওটি কোথাকার, আদৌ ভিডিওটি বাস্তব না কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ভিডিওর দৃশ্যটি বাস্তবে ঘটেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। আসলে সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তার কোনো ভিডিওতে গাড়ির নম্বর প্লেটে লেখা—‘কেএল’, আবার কোনো ভিডিওতে ‘আরএল’ লেখা দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, গাড়ির বডিতে ‘বিজয়া ডেইরি’ ফার্মের লোগো। এই নামে তেলেঙ্গানাতে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির লোগো এটি নয়। তাছাড়া ডেইরি ফার্মটির যে ট্যাগলাইন, সেটাও ভুলে ভরা। এসব কারণে স্পষ্ট যে—ভাইরাল ভিডিওটি সত্যি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।







