ওসমানী বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আটক
বিমানের পাইলট,যাত্রী এবং ক্রুদের সাথে অসদাচরণ করার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 208 নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান বিমানে অন্যান্য যাত্রীদের সাথে অসদাচরণ করছিলেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ আহমেদ ক্রুদের সাথেও খারাপ আচরণ করেন। এমনটি বিমানের কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। সোমবার বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সাথে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত যাত্রী ফয়েজ আহমেদ খানের কোন বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।







